দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পরিদর্শনে যাওয়ায় ঠিকাদার ও তার লোকজন কর্তৃক উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলার শিবপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে ভুক্তভোগী এলজিইডির নবীনগর উপজেলার উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম নবীনগর থানায় একটি অভিযোগ দায়েরের জন্য উপস্থিত হয়েছেন।
নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী জানান, সম্প্রতি উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার লোকমান হোসেন। যার নির্মাণ ব্যয় ধরা হয় ১৪ কোটি ৬৩ লাখ টাকা। তবে নিম্নমানের কাজের অভিযোগে রবিবার সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। সোমবার অনিয়মের অভিযোগ যাচাই-বাছাই করতে ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম সড়কটি পরিদর্শনে আসে। পরিদর্শনকালে দুপুরের দিকে ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়ি চালক অতর্কিতভাবে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের উপর হামলা চালায়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। হামলার ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে আই